ঢাকা হবে টোকিওর মতো পরিচ্ছন্ন, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | YFB NEWS
ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন করে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, বায়ুদূষণ কমানো এবং পরিবেশের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যায় জাপানের রাজধানী টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলেধরেন।
বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ কমানোর ওপর গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। বিপরীতে ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।
তিনি বলেন, আবর্জনা থেকে জীবাণু ছড়াতে পারে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যথাযথভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বায়ুদূষণ কমানো ও বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, ঢাকা শহরকে টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তুলতে পারলে সেটি হবে একটি বড় সংস্কার। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে রাস্তায় চলাচলের ভোগান্তি কমবে এবং দূষণের কারণে মানুষের অসুস্থ হওয়ার ঝুঁকিও কমানো সম্ভব হবে।
প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নই সংস্কারের লক্ষ্য
সরকারের সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নত করতে চায় সরকার।
তিনি বলেন, সংস্কারের সুফল শুধু সীমিতসংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসে, এমন উদ্যোগ বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রমনা জনগণের সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সংস্কার কার্যক্রমে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে—এমন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সরকার এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যেতে চায়।
তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ এবং প্রবাসীদের পরিবারও উপকৃত হবে। এ কারণে উদ্যোগগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমি বলছি না যে বিএনপিকে ভোট দিন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।”
এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তাঁকে সমর্থন জানান। প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক সংস্কার বাস্তবায়নে পরিশ্রম, ধৈর্য ও ঐক্য প্রয়োজন। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রবাসীদের জন্য সরকারের পরিকল্পনা তুলে ধরলেন
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সামনে শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান তিনি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।
YFB NEWS | দেশ ও মানুষের খবর



0 মন্তব্যসমূহ