মাগুরায় যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যা, গ্রেপ্তার নেই
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের ভেতর যুবদল নেতা মো. সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হত্যাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ জানায়, বুধবার ভোর ৬টার দিকে মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কাউন্টারে মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহত সাকের হোসেন শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার প্রয়াত কুতুব উদ্দিনের ছেলে। তাঁর দুটি মেয়ে রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার রোমা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করতে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ
সাকের হোসেন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেন। তাঁদের বক্তব্য, এ ঘটনায় মাগুরা শহরের জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাছুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু।
স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
সাকের হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে শহরতলির পারনান্দুয়ালী বেপারীপাড়া গ্রামে তাঁর বাড়িতে গিয়ে স্বজনদের শোকাহত অবস্থায় দেখা যায়। ছেলেকে হারিয়ে তাঁর মা রিনা বেগম শয্যাশায়ী হয়ে পড়েছেন।
স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শারমিন আক্তার রোমা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমি দুটি অবুঝ শিশু নিয়ে কীভাবে বাঁচব। ওরা আমাকেও মেরে ফেলুক।”
সাকেরের বড় ভাই রাজমীর হোসেন বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাঁরা জানেন না। সাকের সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। এমন একজন মানুষকে কেন হত্যা করা হলো, তা বুঝতে পারছেন না তাঁরা।
মাথা থেকে গুলি উদ্ধার, তদন্তে পুলিশ
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় সাকেরের মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন দেখা যায়। তবে সেটি গুলির আঘাত কি না, সে বিষয়ে তখনই নিশ্চিত হওয়া যায়নি। পরে ময়নাতদন্তের সময় তাঁর মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এরপর ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধার করা গুলিটি কোন ধরনের অস্ত্র থেকে ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ঘটনাস্থলের আলামত, গুলির পরীক্ষার ফলাফল এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




0 মন্তব্যসমূহ