আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে, অর্থনীতির অগ্রগতিতে সন্তুষ্ট: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | YFB NEWS
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। সংস্থাটির সঙ্গে আলোচনা অব্যাহত রেখে অংশীদারত্বের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গত কয়েক দিনে আইএমএফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বৈঠকেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাতসহ কিছু বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। বাংলাদেশেরও কিছু বিষয়ে নিজস্ব পর্যবেক্ষণ আছে। ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়া আগামী কয়েক মাস চলতে পারে।
নতুন কর্মসূচি নিয়ে আলোচনা
আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তাঁর আশা, আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
বৈঠকে ব্যাংকিং খাতের পুনর্মূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
শর্ত ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আশা
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকারের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে আইএমএফ, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।
আইএমএফের কর্মসূচির শর্ত ও মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, শর্ত থাকবে। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য কৌশল রয়েছে বলেই আলোচনা এত দূর এগিয়েছে। বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার।
উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে এ সভার। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।



0 মন্তব্যসমূহ